প্রিন্ট এর তারিখঃ Nov 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 17, 2026 ইং
আইপিএলকে বিদায় বলে দিলেন ধোনি

দীর্ঘ ১৮ বছরের আইপিএল ক্যারিয়ারের ইতি টানলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে খেলোয়াড় হিসেবে বিদায় নিলেও চেন্নাই সুপার কিংসের সঙ্গে সম্পর্ক থাকছে আগের মতোই। ২০২৭ আইপিএল আসরের আগে দলটির মেন্টর হিসেবে নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন। আগামী আসরের জন্য ক্রিকেটার ধরে রাখার তালিকা প্রকাশের শেষ দিনে ধোনির দায়িত্ব পরিবর্তনের ঘোষণা দেয় ফ্র্যাঞ্চাইজিটি।
এন শ্রীনিবাসন বলেন, হলুদ জার্সিতে মাঠে না নামলেও ধোনি দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবেন। চেন্নাই সুপার কিংসের পরিচয়ের সঙ্গে ধোনি সবসময় জড়িয়ে থাকবেন বলেও উল্লেখ করেন তিনি।
ধোনিকে বিদায় জানিয়ে শ্রীনিবাসন আরও বলেন, একটি যুগের অবসান ঘটল। দীর্ঘদিনের অসংখ্য স্মৃতি উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে তাকে অবসরজীবনের শুভেচ্ছা জানান তিনি।
চেন্নাই সুপার কিংসের সহ-মালিক রূপা গুরুনাথও জানিয়েছেন, মেন্টর হিসেবে দলের সঙ্গে থাকবেন ধোনি। তার অভিজ্ঞতা ও পরামর্শ দলের ক্রিকেটারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাম্প্রতিক বছরগুলোতে বারবার চোটে পড়া এবং মাঠে ধোনির ভূমিকা কমে আসায় তার খেলোয়াড়ি ক্যারিয়ারের সমাপ্তির বিষয়টি আগে থেকেই আলোচনায় ছিল। তবে ফ্র্যাঞ্চাইজিটির বিবৃতিতে ধোনির নিজের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাই সুপার কিংসের অন্যতম প্রধান মুখ ধোনি। তার নেতৃত্বে পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে দলটি। পাশাপাশি দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ট্রফিও জয়ের কৃতিত্ব রয়েছে তার।
চেন্নাই সুপার কিংসের ব্যবস্থাপনা পরিচালক কেএস বিশ্বনাথনের মতে, শিরোপা জয়ের বাইরেও ধোনির সবচেয়ে বড় অর্জন চেন্নাই শহর ও মানুষের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করা। তিনি বলেন, ধোনি যেমন শহরটিকে আপন করে নিয়েছেন, তেমনি চেন্নাইয়ের মানুষও তাকে নিজেদের একজন হিসেবে গ্রহণ করেছেন।
মাঠে ধোনিকে না পেলেও ডাগআউটে তার উপস্থিতি ও দিকনির্দেশনা দলকে এগিয়ে নিতে সহায়তা করবে বলে আশাবাদী ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তারা।
আইপিএল ক্যারিয়ারে ২৭৮টি ম্যাচ খেলে ২৪২ ইনিংসে ৩৮.৩০ গড়ে ৫ হাজার ৪৩৯ রান করেছেন ধোনি। তার স্ট্রাইক রেট ১৩৭.৪৫। এই সময়ে ২৪টি অর্ধশতক করেছেন তিনি। হাঁকিয়েছেন ৩৭৫টি চার ও ২৬৪টি ছক্কা। তবে দীর্ঘ এই ক্যারিয়ারে কোনো সেঞ্চুরি নেই তার।
এবার খেলোয়াড়ের ভূমিকা ছেড়ে মেন্টর হিসেবে চেন্নাইয়ের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ক্রিকেট বিশ্বের অন্যতম সফল এই অধিনায়ক।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান